ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় উদ্ধার হওয়া মালামাল মন্দির পরিচালনা কমিটির কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মালামাল হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্বর্ণালংকার, রুপার চেইন, পিতল ও তামার বিভিন্ন জিনিসপত্র। এগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি।
পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে মন্দিরটিতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়া নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য দেন। পরে অভিযান চালিয়ে আকাশ মালদারকেও আটক করা হয়। এ ঘটনায় তাজুল নামে আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহেদুল ইসলাম আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া মালামাল মন্দির পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করেন। এ সময় রাধামাধব আখড়া কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তীসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত থেকে মালামাল বুঝে নেন।
উদ্ধার হওয়া মালামাল ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে আন্তরিকভাবে কাজ করেছে।
মন্দিরের চুরির ঘটনায় মালামাল উদ্ধার এবং তা সংশ্লিষ্ট কমিটির কাছে হস্তান্তরের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত পক্ষের মধ্যে স্বস্তি ফিরেছে।