শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় এসব সদস্য টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিরাপত্তা পরিকল্পনার আওতায় ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত দুটি পূজামণ্ডপ এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ২২টি পূজামণ্ডপকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

বিজিবি জানিয়েছে, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি গুজব, অপতথ্য এবং সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায়ও প্রস্তুত থাকবে বাহিনীটি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনসাধারণ ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে এবং তথ্যের সত্যতা যাচাই না করে কোনো কিছু প্রচার না করে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছে বিজিবি।