শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসব নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক টহল, কৌশলগত স্থানে বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবির ৫৬ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নীলফামারী জেলা কেন্দ্রীয় কালিমন্দির পরিদর্শনকালে এসব তথ্য জানান নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সার্বক্ষণিক টহল পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে জেলার বিভিন্ন কৌশলগত স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করে যৌথ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে ব্যাটালিয়ন পর্যায়ে নিরবচ্ছিন্ন মনিটরিং সেল চালু রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, তথ্যের সত্যতা যাচাই না করে কোনো তথ্য প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির মধ্যে সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।