শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকির আশঙ্কা করছেন না বলে জানিয়েছেন পূজা উদ্যাপন কমিটির নেতারা। তাঁদের সঙ্গে সমন্বয় করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রীশ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, “জামালপুর থেকে ফেনী পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় ৬৬৬টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবিও কাজ করছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে। পূজা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁরা কোনো ধরনের নিরাপত্তা হুমকি অনুভব করছেন না। আশা করছি, এবারের পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।”
মন্দির পরিদর্শনকালে আখাউড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সাধারণ সম্পাদক জুটন বণিক, রাধামাধব আখড়ার সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, অর্থ সম্পাদক অসীম পাল এবং পুরোহিত সুকান্ত চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা পূজা উদ্যাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় বিজিবির কর্মকর্তাদের অবহিত করেন।
এ সময় বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদসহ বাহিনীর কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।