‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় পৌর কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম শরীফ, আব্দুল করিম হেলথকেয়ার সেন্টারের চিকিৎসক ডা. রিফাত হাসান এবং চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটনসহ অন্যরা।
এ সময় নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়।
কর্মসূচিতে বক্তারা সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের ভাষ্য, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।