নওগাঁর মহাদেবপুরে বাড়ির পাশের একটি আমগাছ থেকে বিলাশ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের চকউজাল গ্রামে, বেহুলাতলার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
বিলাশ ওই গ্রামের মনো মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় পাহাড়পুর বাজারে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বিলাশ বেশ কিছুদিন ধরে মানুষের সঙ্গে কম মেলামেশা করতেন এবং কথাবার্তাও কম বলতেন। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। পরে রাতের কোনো একসময় বাড়ির পাশের আমগাছে তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়।
বুধবার সকালে পরিবারের সদস্যরা গাছে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মহাদেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
বিলাশের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।