পচা ও খাওয়ার অনুপযোগী ডিম ব্যবহার করে বেকারির খাদ্যপণ্য তৈরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার ভাদুঘর এলহামপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এশিয়া বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় বেকারিতে পচা ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির বিষয়টি ধরা পড়ে বলে জানান তিনি।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বেকারিটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করত। পরে বিশেষ রাসায়নিক ব্যবহার করে ডিমের দুর্গন্ধ দূর করে সেগুলো বেকারির খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হতো বলে অভিযানে জানা যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় বেকারির মালিক আলী আজগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ইফতেখারুল আলম রিজভী। পাশাপাশি অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকারে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, খাদ্যপণ্যের নিরাপত্তা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।