ময়মনসিংহে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে মিডিয়া অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) শাপলা মহিলা সংস্থার আয়োজনে এবং ফাউন্ডেশন প্রো ভিকটিমের আর্থিক সহায়তায় সংস্থাটির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘প্রজন্ম সোপান’ প্রকল্পের আওতায় আয়োজিত সেমিনারে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষা, তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা পাওয়ার সুযোগ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রকল্পটির গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) উম্মে হাবীবা মীরা।
সেমিনারে সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।