ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়ার বাসিন্দা আনোয়ারুল আজিম (৫৫) ও অনুপ কুমার দাস (৫৫)। তাঁরা বন্ধু ছিলেন বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের বরাত দিয়ে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে নরসিংদী থেকে সিলেট যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বৈশামোড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে অনুপ কুমার দাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আনোয়ারুল আজিমকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।