ফেনীর সোনাগাজী ও দাগনভুঞা উপজেলার ৪২টি পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ১৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৩০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও যুবদলের আয়োজনে এ অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুদান পাওয়া মণ্ডপগুলোর মধ্যে সোনাগাজী উপজেলার ২৩টি এবং দাগনভুঞা উপজেলার ১৯টি মণ্ডপ রয়েছে। দুই উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মণ্ডপগুলোকে এ অনুদানের আওতায় আনা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে এবং মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী এবং পৌর যুবদল নেতা এনামুল হক এনামসহ অন্যরা।
অনুষ্ঠানে সোনাগাজী ও দাগনভুঞার পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ধর্মীয় উৎসব আয়োজনের প্রস্তুতিতে এ সহায়তা কাজে লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।