জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি একতা বাজারে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ইউনিয়নবাসীর উদ্যোগে স্থানীয় চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম শেখ।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ইউপি সদস্য শহিদুল্লাহ শেখ, রিয়াজুল ইসলাম ও সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নির্ধারিত স্থানেই ভবন নির্মাণের দাবি

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৬০ বছর আগে যে স্থানে ইউনিয়ন পরিষদ ভবন ছিল, সেই স্থানেই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের দাবি, ভবন নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু নির্মাণকাজের উদ্বোধনের অপেক্ষা।

তবে একটি মহল উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে ভবনটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, নির্ধারিত স্থানে ভবন নির্মাণের উদ্যোগ বাধাগ্রস্ত করা হলে স্থানীয় জনগণের স্বার্থ ক্ষুণ্ন হবে। এ কারণে তাঁরা স্থান পরিবর্তনের উদ্যোগের প্রতিবাদ জানান এবং পূর্বনির্ধারিত জায়গাতেই নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে দ্রুত নির্মাণকাজ শুরু এবং নির্ধারিত স্থানেই ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ নিশ্চিত করার দাবি জানানো হয়।