লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষ-দর্শীরা জানান, সোমবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম-ট্রাক তার ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটিকে আটক করেন। এরপর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।