আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদ্যাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহের মুক্তাগাছায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর সন্ধ্যায় মুক্তাগাছা থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিল।
সভাপতির বক্তব্যে ওসি কামরুল ইসলাম বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি আসাদুজ্জামান সাকিল বলেন, পূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার, মাদক এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে পুলিশ, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় পূজা উদ্যাপন ফ্রন্ট, মুক্তাগাছার আহ্বায়ক ডা: ভাস্কর সাহা (কল্লোল) ও সাধারণ সম্পাদক দেবাশিস ঘোষ (বাপ্পি) ডা:চন্দন সাহা, সুব্রত সাহা, সুমনসরকারসহ ফ্রন্ট ও পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। তারা নিরাপদে পূজা উদ্যাপনের বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।