অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল স্মারক পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে। তাঁদের গবেষণা অর্থনৈতিক সংকট ও আকস্মিক ধাক্কার প্রভাব মোকাবিলায় সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর কার্যকর নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Advertisement

অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় গবেষণা

রবার্ট হল ও মাইকেল উডফোর্ডের গবেষণার মূল গুরুত্ব হলো, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা ব্যাখ্যা করা। মূল্যস্ফীতি, উৎপাদন, ভোগ ও কর্মসংস্থানের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকের ওঠানামা বোঝার ক্ষেত্রে তাঁদের গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এ গবেষণার মাধ্যমে অর্থনৈতিক মডেল তৈরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আচরণকে আরও সুসংগতভাবে অন্তর্ভুক্ত করার পথ তৈরি হয়েছে। এসব মডেল ব্যবহার করে নীতিনির্ধারকেরা অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং জ্বালানিসংকটের মতো আকস্মিক পরিস্থিতির প্রভাব কমানোর কৌশল বিশ্লেষণ করতে পারেন।

মাইকেল উডফোর্ডের গবেষণায় মুদ্রানীতি, সুদের হার এবং ভবিষ্যৎ নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট দিকনির্দেশনার গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মানুষের প্রত্যাশা কীভাবে ভূমিকা রাখে, তা বোঝার ক্ষেত্রেও তাঁর কাজ গুরুত্বপূর্ণ।

অর্থনীতির পুরস্কার কেন আলাদা

অর্থনীতিতে এ পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘দ্য সেভেরিগেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। আলফ্রেড নোবেলের মূল উইলে অর্থনীতির পুরস্কারের উল্লেখ ছিল না। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৬৮ সালে এটি চালু করে এবং ১৯৬৯ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।

অন্যান্য নোবেল পুরস্কারের মতো অর্থনীতির এ পুরস্কারও রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস ঘোষণা করে। ২০২৬ সালে পুরস্কারটির অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড এ অর্থ ভাগ করে নেবেন।

সূত্র: রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস।