এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব এলপিজি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত দুই দিন সারা দেশের এলপিজি বিক্রির দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।
তবে সরকার নির্ধারিত দামে কোথাও কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। নতুন ঘোষিত কর্মসূচির ফলে দুই দিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ থাকলে ভোক্তাদের গ্যাস সংগ্রহে ভোগান্তি বাড়তে পারে।
সারা দেশে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা