গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২১) পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার দুই যুবক হলেন হেলেঞ্চা গ্রামের আলম মিয়ার ছেলে সৈকত (২৭) এবং উল্যাহ সোনাতলা গ্রামের বাদল মিয়ার ছেলে মুস্তাকিম (২১)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই গৃহবধূ শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলায় তাঁর বোনের বাড়ি থেকে সাঘাটায় নিজের বাড়িতে ফিরছিলেন। পথে বোনারপাড়া এলাকায় তাঁর বোনের স্বামীর পূর্বপরিচিত সৈকতের সঙ্গে দেখা হয়। নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সৈকত তাঁকে একটি ভ্যানে তোলেন বলে অভিযোগ।
তবে বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে সৈকত ও তাঁর সহযোগী মুস্তাকিম তাঁকে হেলেঞ্চা এলাকার একটি জনমানবহীন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে। সেখানে রাত আনুমানিক ১০টার দিকে তাঁরা ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুই যুবককে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যান। পরে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। মামলায় দুই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী হিসেবে গণ্য করা যায় না।