ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমির ক্রেতা ও বিক্রেতা সংবাদ সম্মেলন করেছেন। বিক্রি করে বুঝিয়ে দিতে না পারা ও কিনে জমি বুঝে না পাওয়ার বিষয়ে দুই পক্ষ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন।
উপজেলার মোগড়া গ্রামের মৃত হুমায়ুন মিয়ার ছেলে মুন্না মিয়া অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর তাঁদের আপন চাচা ও চাচাতো ভাইয়েরা সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। বিক্রি করা জমি ৩০ আগস্ট বুঝিয়ে দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তিনিসহ ক্রেতা দুলাল মিয়া আহত হন।
নানার বাড়ি আইড়ল গ্রামে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মুন্না মিয়া জানান, তাঁদের বাবা ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর মারা যান। এরপর তাঁদের আপন চাচা ইকবাল মিয়া (৫০), ভুট্টু মিয়া (৪০) ও শাহীন মিয়া (৪৫) তাঁদের পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। জমি নিয়ে বিরোধের জেরে তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর আখাউড়া থানায় অভিযোগ দিয়েছই। তবে জমি নিয়ে বিরোধের জেরে আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। জমি বুঝিয়ে দিতে গেলে ভবিষ্যতে পরিবারের সদস্যদের ওপর আরও হামলা হতে পারে।’ সংবাদ সম্মেলনে মোমেন মিয়া প্রশাসনের কাছে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং তাঁদের পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দিতে সহযোগিতার আহ্বান জানান।
জমির ক্রেতা দুলাল মিয়া অভিযোগ করেন, জমির রেজিস্ট্রি হয়ে গেলেও তিনি বুঝে পাচ্ছেন না। বরং মুন্নার চাচারা মারধর করে। এ বিষয়ে তিনি ন্যায় বিচার আশা করেন।
আখাউড়া থানার এএসআই মো. আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে তিনি তদন্ত করেছেন। বিষয়টি নিয়ে আলোচনায় বসতে বিবাদীকে থানায় ডাকানো হলেও তিনি আসেননি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।