তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার নৈতিকতার ওপর গুরুত্ব; লাকসাম প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা)

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কুমিল্লার লাকসামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১২০ জন সাংবাদিক অংশ নেন।

শনিবার (১০ অক্টোবর) লাকসাম প্রেস ক্লাবের আয়োজনে লাকসাম পৌর অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল, তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির বাংলাদেশ সংবাদদাতা ও ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল।

লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ।

উদ্বোধনী বক্তব্য দেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন, প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন।

প্রশিক্ষণ পর্বে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, ফিচার রাইটিং, সাংবাদিকতার নীতিমালা এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকেরা সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নির্ভরযোগ্য তথ্য, পেশাগত সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সময়োপযোগী সাংবাদিকতার চর্চার মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে ব্যাগ, প্যাড ও কলম বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানের আগে আনুষ্ঠানিকভাবে লাকসাম প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

সমাপনী বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের সামনে সত্য তুলে ধরার অঙ্গীকার। পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই ও নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে।

চার উপজেলার সাংবাদিকদের একত্র করে এ প্রশিক্ষণের আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণকারীরা আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশিক্ষক, অংশগ্রহণকারী সাংবাদিক ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।