ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই আসামি ও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহতরা হলেন,কনস্টেবল মোঃ মোস্তফা-(৩০), মোঃ জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ-(৪২), মাদক মামলায় রিমান্ডের আসামী মহন মিয়া-(৪৫) ও পারিবারিক মামলার আসামি রোজিনা বেগম-(৩৫)। তাদের বাড়ি বিজয়নগর উপজেলায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বিজয়নগর থানা থেকে দুইজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে আসার পথে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। আহতদেরকে চিকিৎসা দেয়া হয়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
