ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন নিয়ে জেলার বিভিন্ন দপ্তরপ্রধানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন। জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলার ফোকাল পারসন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানির ব্যবহার বাড়িয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং দেশের সীমিত জ্বালানি সম্পদের প্রেক্ষাপটে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। জ্বালানি খাতে ক্রমবর্ধমান ভর্তুকির চাপ কমানো এবং ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সরকারি স্থাপনাগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন ও এর রক্ষণাবেক্ষণে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলা করে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। জনগণের স্বার্থে এ উদ্যোগ সফল করতে তিনি জেলার সব দপ্তরপ্রধানের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার স্থানীয় কার্যালয়গুলো প্রয়োজনীয় সহায়তা দেবে।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা তাঁদের মতামত তুলে ধরেন।