মা ইলিশ সংরক্ষণে ফেনী নদী ও এর মোহনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে তিন হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এবং ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় নদীতে মাছ ধরার দৃশ্য দেখা যায়নি। তবে এ সময় তিন হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।
অভিযানে সোনাগাজী মডেল থানা-পুলিশ ও মৎস্যজীবীরা সহযোগিতা করেন।