বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ময়মনসিংহ জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিনিয়র ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও জেলা কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহের উপপরিচালক (ডিডিএলজি) উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক সোনিয়া হাসান জিসান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মো. নজরুল ইসলাম।
নতুন কমিটিতে কবির উদ্দিন সভাপতি, মতিউর রহমান সাধারণ সম্পাদক, মো. আনোয়ার হোসেন সিনিয়র সহসভাপতি, আশরাফ আলী হৃদয় সাংগঠনিক সম্পাদক এবং বজলুল হক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উম্মে হাবীবা মীরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ জেলার অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, চলতি মাসে এ ক্ষেত্রে ময়মনসিংহ জেলা প্রথম স্থান অর্জন করেছে। তবে সারা দেশের মধ্যে জেলার অবস্থান বর্তমানে অষ্টম। সংশ্লিষ্ট সবাই আরও গুরুত্ব দিয়ে কাজ করলে আগামীতে পঞ্চম স্থানে উন্নীত হওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পারিবারিক দায়িত্বের পাশাপাশি কর্মক্ষেত্রেও প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। যথাসময়ে অফিসে উপস্থিত থাকা এবং জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া নিশ্চিত করতে হবে। জরুরি প্রয়োজনে অফিসের বাইরে যেতে হলে বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেখে যাওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও মনোযোগের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ডিডিএলজি বলেন, প্রশাসনিক কাজে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে আরও এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মিলাদ এবং সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।