কৃষি খাতকে প্রাতিষ্ঠানিক সহায়তার আওতায় আনতে আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, কৃষকদের জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা সরাসরি মাঠপর্যায়ের কৃষকদের উপকারে আসবে।
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ২২ হাজার কৃষকের মধ্যে কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ধাপে ধাপে এটি দেশের সকল প্রান্তে বিস্তৃত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, পূর্বঘোষণা অনুযায়ী ক্ষুদ্র ঋণগ্রস্ত কৃষকদের সহায়তায় ইতোমধ্যে প্রায় ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষিনির্ভর এলাকায় প্রক্রিয়াজাত শিল্প ও সংরক্ষণ সুবিধা বাড়াতে সরকার কাজ করছে। বিশেষ করে কোল্ড স্টোরেজ স্থাপনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার।
বিশ্লেষকদের মতে, ‘কৃষক কার্ড’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং ভর্তুকি, ঋণ ও সরকারি সহায়তা বিতরণ আরও স্বচ্ছ ও কার্যকর হবে।