প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সনাতনী সম্প্রদায়ের পাশে থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা ও নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দময় ও নিরাপদ হোক—এটাই প্রত্যাশা।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্রসহ স্থানীয় নেতৃবৃন্দ।
