সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মপরিকল্পনার আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৭০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি কর্মপরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগটি দেশব্যাপী বাস্তবায়ন করছে সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক শরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শহর ও গ্রামে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের ওপর বাড়তি চাপের কারণে গাছপালা কমে যাচ্ছে। তাই সড়কের পাশে, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাইদ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
পরে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৭০০ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শহরের বিশিষ্ট ব্যক্তিরা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাম্প্রতিক অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রায় ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ করা হয়েছে।
