‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিংয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রেজাউল আলম।

সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. এস এম আলকাস আহমেদ, ডা. ফাতেমা তুজ জাহরা, স্বাস্থ্য বিভাগের স্টাফ নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এ ছাড়া ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার আছিয়া খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার মো. আল আমিন, প্রগতির এরিয়া ম্যানেজার শাহানাজ পারভীন, ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার মো. মোকলেছুর রহমান, ইউপিজি ব্রাঞ্চ ম্যানেজার লিলি আক্তারসহ ব্র্যাকের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার আছিয়া খাতুন।

সভাপতির বক্তব্যে ডা. রেজাউল আলম চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে সচেতনতা ও জীবনযাপনে প্রয়োজনীয় সতর্কতার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, চোখ মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই দৃষ্টিশক্তি সুরক্ষায় নিয়মিত চোখের যত্ন নেওয়া এবং চোখের সমস্যাকে অবহেলা না করা জরুরি।

বিশেষ করে শিশুদের দৃষ্টিশক্তির প্রতি অভিভাবকদের বাড়তি নজর দেওয়ার আহ্বান জানান তিনি। শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা কমানো, তাদের প্রতি যত্নবান হওয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

ডা. রেজাউল আলম ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আয়োজকেরা জানান, কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।