“মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংস করে এবং সমাজে নানা ধরনের অপরাধ ও অবক্ষয় সৃষ্টি করে। মাদকের কারণে অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যেকোনো মূল্যে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।”
বুধবার (৭ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সভায় শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
ইউএনও মুরাদ হোসেন বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কন্যাশিশুর বিয়ে দেওয়া যাবে না। বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতেও তাদের ভূমিকা রাখতে হবে।
সভায় শিক্ষার্থীদের মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহের সামাজিক ও স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, সহকারী শিক্ষক (আইসিটি) শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক (গণিত) মো. মোখলেছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।