ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. মোকাম্মেল হক।
বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ইউনিট ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব হাসপাতালের অন্তর্বিভাগ, প্রসূতি সেবাকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি রোগীদের চিকিৎসাসেবা প্রদান, হাসপাতালের পরিবেশ, সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের চলমান কার্যক্রম ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন মো. মোকাম্মেল হক। স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব, সহজলভ্য ও মানসম্মত করতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. সুলতান ফজলে রাব্বি নাহিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাসুদ পারভেজসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকার প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।