বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ছুটির ঠিক আগে মেয়েকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে কেক কেটেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রানেয়া।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আখাউড়া পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ছুটির প্রায় ১০ মিনিট আগে ইউএনও তাপসী রানেয়া তাঁর একমাত্র মেয়ে ও বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী তাকিয়াকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যান। সেখানে তিনি শিক্ষকদের বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান এবং তাঁদের সঙ্গে কেক কাটেন।

হঠাৎ ইউএনওকে মেয়েকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে দেখে শিক্ষকরা আনন্দিত হন। কেক কাটার সময় বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার এ আয়োজনের জন্য ইউএনওর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “শিক্ষকদের প্রতি ইউএনওর এই ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের অনুপ্রাণিত করবে।”

শিক্ষক দিবস উপলক্ষে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন সরাসরি শুভেচ্ছা বিনিময় ও শিক্ষকদের সঙ্গে সময় কাটানোর ঘটনাকে ইতিবাচকভাবে দেখছেন বিদ্যালয়ের শিক্ষকরা।