“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের অবদান, পেশাগত মর্যাদা ও অধিকার এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, সুসং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সিরাজ, দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখান, জ্ঞানের আলোয় আলোকিত করেন এবং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
তাঁরা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা মানে জাতির ভবিষ্যৎকে সম্মান জানানো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার সংরক্ষণ এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষকতা পেশার মর্যাদা আরও সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে।