কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (২০) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
সৈকতে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে যাতায়াতের সময় অসাবধানতাবশত ওই নারীর ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।