মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় দায়িত্ব পালনে সাময়িকভাবে বিরত থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে তাঁর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও পুনর্বহালের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

তবে সোমবার পর্যন্ত চেয়ারম্যান জালাল উদ্দিন ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ করেননি। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিত হওয়ায় তাঁর পুনর্বহালের খবরে এলাকায় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, ৫ আগস্টের পর জালাল উদ্দিন কিছু সময় আত্মগোপনে ছিলেন। পরে ওই সময়ের পর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। জামিনে মুক্ত হওয়ার পর গত ২৩ আগস্ট তিনি চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য আবেদন করেন।

এদিকে জালাল উদ্দিনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ ইউনিয়ন পরিষদে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে শুরুতেই সংবাদ সম্মেলনটি স্থগিতের কথা জানানো হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্যদের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহনেওয়াজ খান বলেন, “জালাল পরিষদে আসবে না বলে আশ্বস্ত হয়েছি। এ বিষয়ে ৭ অক্টোবরের পর আমরা বিস্তারিত বলব। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

জেলা প্রশাসনের চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ জালাল উদ্দিন একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১-কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে জালাল উদ্দিন জামিনে মুক্ত হয়ে গত ২৩ আগস্ট চেয়ারম্যান হিসেবে পুনরায় স্বপদে যোগদানের জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে তিনি মামলার কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি দাখিল করেন।

চিঠিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে সরকারি আইনজীবীর মতামত নেওয়া হয়েছে। আইনজীবীর মতামতে চেয়ারম্যানের পুনরায় স্বপদে যোগদানের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আখাউড়া ইউএনওকে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পুনর্বহালের ব্যবস্থাও নিতে বলা হয়।

চিঠির অনুলিপি স্থানীয় সরকার বিভাগ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।