ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশায় সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে র‌্যালি বের করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া এবং চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর আলী।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন, উপজেলা মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক সায়েমা আক্তার, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব, ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর ভূঁইয়া, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল হক, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম, ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান, চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন পাঠান এবং নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি আসমত আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি মানসম্মত ও নৈতিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে নাসিরনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।