চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি মাদ্রাসার নাম ব্যবহার করে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণামূলকভাবে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটজনের একটি চক্র বেশ কিছুদিন ধরে মাদ্রাসার নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে অর্থ সংগ্রহ করে আসছিল। রোববার মালিক সুপার মার্কেট এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে এবং টাকা তুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

একপর্যায়ে তাদের কাছে থাকা রশিদ বই নিয়ে সন্দেহের সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি জানতে চান। পরে প্রতারণার অভিযোগটি প্রকাশ্যে এলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। এ সময় পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দামুড়হুদা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের হাতে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা রশিদ বইয়ে ‘নাজমুল হোসাইন বিপ্লবী’ নামের এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে। তবে ওই ব্যক্তি চক্রটির সঙ্গে কীভাবে সম্পৃক্ত, তা এখনো তদন্তসাপেক্ষ।

স্থানীয়দের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে মাদ্রাসার নাম ব্যবহার করে একই কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল।

দামুড়হুদা থানা-পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক পাঁচ সদস্যকে শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।