তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত মাসে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকা থেকে এবার দাম বেড়েছে ২৫২ টাকা। ফলে অক্টোবর মাসে ভোক্তাদের ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা।

এর আগে চলতি বছরের জুনে ১২ কেজি এলপিজির দাম ৫৫ টাকা কমানো হয়। জুলাইয়ে কমানো হয়েছিল আরও ৩৫৭ টাকা। এরপর আগস্টে দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করে বিইআরসি।

সর্বশেষ সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম আরও ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাস পর এবার বড় ধরনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এলো।