নওগাঁর মান্দায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের একরুখী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কীর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজনে অংশ নেন। এ সময় তারা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, ১ নম্বর ভারশোঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ব্যবসায়ী নাসির উদ্দিন, মান্দা উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব এজানুর রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ১ নম্বর ভারশোঁ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. সোহারাব আলী, ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর হোসাইন এবং ১ নম্বর ভারশোঁ ইউনিয়ন যুবদল নেতা স্বদেশ কুমার।
স্থানীয়রা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পরস্পরের ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশ নিলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় হয়। কীর্তনকে কেন্দ্র করে একরুখী গ্রামে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।