বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
শনিবার বিদ্যুৎ কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানান।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কিছুদিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রটির দুই ইউনিট থেকে একসঙ্গে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এটাই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রামপাল কেন্দ্রটির অবদান আরও বেড়েছে।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১০ সালে। পরে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) চুক্তি সই করে।
ওই চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়। এই কোম্পানির অধীনেই বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।