ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার দুপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম কালু (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কালু আখাউড়া উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাইফুল ইসলাম নিজেই অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে ধাক্কা খায়। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে গ্লাসের একটি অংশ তার গলায় ঢুকে চালজ সাইফুল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রোকন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।