মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তাদের মাদকসহ বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে।

বুধবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের স্টেশন রোডের ফুড গার্ডেনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রাশেদ। সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মেহেরুন নিছা মেহেরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শামসুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম রাশেদ বলেন, ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত করা এবং নতুন খেলোয়াড় তৈরিতে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয়। তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সংগঠনের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়াতেও ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করতে জেলা শাখাকে সার্বিক সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে মেহেরুন নিছা মেহেরিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। ব্রাহ্মণবাড়িয়ায় ক্রীড়ার মানোন্নয়নে বিভিন্ন সামাজিক ও ক্রীড়াবিষয়ক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।