বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন এ দাম রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নতুন দরের বিষয়ে আদেশ জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহার হয়, যার বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে।

এর আগে টানা কয়েক দফায় ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছিল। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে আরও দুই দফা দাম কমিয়ে তা ৯৬ টাকা ৮৬ পয়সায় নামিয়ে আনা হয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির কাছে দেওয়া হয়। এরপর জানুয়ারিতে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে কমিশন।

সেই থেকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।