ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্টাফদের সুরক্ষা এবং সংক্রমণ প্রতিরোধে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি) সামগ্রী দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
হস্তান্তর করা সামগ্রীর মধ্যে রয়েছে তুলা, ফেস মাস্ক, এক্সামিনেশন গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও লিকুইড হ্যান্ড ওয়াশ।
রেড ক্রিসেন্ট সূত্র জানায়, এর আগে হাম আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়।
সামগ্রী হস্তান্তরের সময় ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, সদস্য ডা. মোহাম্মদ আলী, ফরিদা ইয়াসমিন পারভিনসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।
এর আগে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় ময়মনসিংহের হাম পরিস্থিতি, আক্রান্তদের চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, হাম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশাপাশি চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।