ভোলার মনপুরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, মাদক পাচার, কিশোর গ্যাং, ইভটিজিং, চোরাচালান ও অবৈধ মালামাল পাচার প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব। এতে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।
সভায় মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের অপরাধসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও খান সালমান হাবীব বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চোরাচালান ও অবৈধ মালামাল পাচারের মতো অপরাধ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
মনপুরা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে বলেও তিনি জানান। এসব অপরাধের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা মাদক প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের আরও সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে রাতের বেলায় মাদক পাচারের বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলেন তিনি। দক্ষিণ সাকুচিয়া থেকে মনপুরায় মাদক পাচারের অভিযোগের প্রসঙ্গ তুলে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর অনুরোধ করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা আমির মাওলানা আমিনুল এহসান জসিম মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগের আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. মো. কামাল উদ্দিন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরনবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল নোমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন তালুকদার, সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজল রেখা এবং উপজেলা আনসার ও ভিডিপির মহিলা প্রশিক্ষিকা দিলরুবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া মনপুরা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষের সহযোগিতাও প্রয়োজন। অপরাধের তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর-তরুণদের প্রতি নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।