কক্সবাজারে ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আ: মান্নান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে অন্যদিকে নিশ্চিত হবে সুশাসন। এটি জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করবে।

তিনি আরও উল্লেখ করেন, তথ্য অধিকার আইনের সত্যিকার সুফল পেতে হলে তথ্যকে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

সভায় বক্তারা স্বাধীন তথ্য কমিশন গঠন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর কার্যকর ব্যবহারে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ইনোভেশন, সিটিজেন চার্টার এবং সরকারি ওয়েবপোর্টাল নিয়মিত আপডেট করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে তথ্য অধিকারসহ সরকারের বিভিন্ন সেবা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শামীম আল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী।

উক্ত আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।