টেকনাফ-সেন্টমার্টিনের দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জন জেলেসহ টেকনাফ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি উত্তাল সাগরে ভাসতে থাকলে মাঝিমাল্লাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে দ্রুত সহায়তার আবেদন জানান। তথ্য পাওয়ার পরপরই গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের অত্যাধুনিক জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। সেখান থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ১৩ জন জেলেকেই অক্ষত ও জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

উদ্ধারের পর কোস্ট গার্ডের পক্ষ থেকে জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় শুকনা খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত ফিশিং বোট ও জেলেদের তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।