ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামে ৭ বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার দায়ে গ্রেপ্তারকৃত জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আন্দিদিল গ্রামবাসীর আয়োজনে আদালত ফটক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সিমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহতের মা মনিরা আক্তার, চাচা মোঃ সজিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। ৭ বছরের শিশু ও মাদরাসা ছাত্রী মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন ঘটনা যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়, সে জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মাহিদা হত্যার ঘটনায় অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের কাছে মাহিদা হত্যার দ্রæত বিচার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ, গত শুক্রবার দুপুরে ঘাতক জাহিদুল মাহিদাকে পানি খাওয়ার কথা বলে একটি বসতঘরে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করে। ঘটনার পর পরই জাহিদুলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী শেষে জাহিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়। জাহিদুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।