আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ সদর স্কাউট ভবনে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য অধিকার, সঠিক তথ্যপ্রাপ্তি এবং ডিজিটাল মাধ্যমে অপতথ্য প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ময়মনসিংহের কো-অর্ডিনেটর মুহম্মদ হাবিবুর রহমান, আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) নারায়ণ সরকার, গাজী টিভির জেলা প্রতিনিধি কাজী মুস্তফা মুন্না, সাংবাদিক কামরুল হাসান এবং নারী উদ্যোক্তা রোকেয়া বেগম।

বক্তারা বলেন, ডিজিটাল যোগাযোগব্যবস্থার বিস্তারের সঙ্গে দ্রুত তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ভুল, বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্য যাচাইয়ের বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্র মানুষের সেবা কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে সাপ্তাহিক ‘আমাদের ময়মনসিংহ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামরুল হাসানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।