ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর পাড় ঘেঁঘে করা পাবলিক টয়লেটটি ভাঙার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিকেলে সুধীজনদের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার উন্নয়ন, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে এ সভা ডাকা হয়।
পৌর প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তাপসী রাবেয়া। উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, আখাউড়া উপজেলো বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপি সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারন সম্পাদক মো. আক্তার খান, জামায়াতের সেক্রেটারি মো. বোরহান উদ্দিন প্রমুখ।
এ সময় জানানো হয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ করা পাবলিক টয়লেট তিতাস নদীর উপর নির্মাণ করা। এটার সব ময়লা সরাসরি তিতাস নদীতে পড়ে। এতে দূষিত হচ্ছে তিতাস।
এ সময় আরো জানানো হয়, এ ঘাটে প্রতি বছর দুর্গাপুজার প্রতিমা বিসর্জন করা হয়। কিন্তু পাবলিক টয়লেট নির্মাণের পর ধর্মীয় এ কাজে সমস্যা হচ্ছে। পুজা উদযাপন পরিষদ থেকে নিয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়।
ইউএনও জানান, তিনি এটা দেখে অবাক হয়েছেন। এভাবে নদীকে দূষণ হতে দেওয়া যায় না। এখানে আরেকটি পাবলিক টয়লেট নির্মাণ হয়েছে। তাই এটি ভেঙে ফেলতে সমস্যা নেই।
এদিকে সভায় ইউএনওকে শুভেচ্ছা জানান, আগে ফুটপাতে বসে ব্যবসা করা ব্যবসায়িরা। তাদেরকে একসঙ্গে নির্ধারিত জায়গায় বসতে দেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ইউএনও জানান, ফুটপাতে যেন অটোরিকশা না দাঁড়িয়ে থাকতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই মাসের জন্য সড়ক বাজার এলাকায় আনসার-ভিডিপি সদস্যরা কাজ করবেন।