বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের (ভিটিএইচ) পুনর্নির্মিত পরিচালক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান কার্যালয়টির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভিটিএইচের পরিচালক ও সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল আলম, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালটি প্রায় ১৯৬২-৬৩ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ সময়ে বড় ধরনের আধুনিকায়ন হয়নি। হাসপাতালটিকে আধুনিক পেট হাসপাতাল ও ক্লিনিকে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। সেখানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি ইন্টার্ন শিক্ষার্থীদের আবাসন সুবিধাও রাখা হবে।
তিনি আরো বলেন, লার্জ অ্যানিমেল হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়িয়ে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসক নিয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের সম্মানীর ভিত্তিতে হাসপাতালের কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল শিক্ষা, গবেষণা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও প্রাণিসেবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নতুন এই কার্যালয় হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। ওয়ান হেলথ ধারণাকে সামনে রেখে আধুনিক ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও জনসেবায় হাসপাতালটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে – এটাই আমাদের প্রত্যাশা।