নেত্রকোনার মদনে একটি বিলে বিষ প্রয়োগ করে আনুমানিক ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছচাষি রোমান মিয়া মদন থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগটি তদন্তে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে রোমান মিয়াসহ কয়েকজন মসুয়া হাওরের বালই নদীসংলগ্ন একটি বিল প্রায় ১৩ লাখ টাকায় ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। বিলটি তিনটি মসজিদ ও একটি কবরস্থানের অর্থায়নের জন্য ইজারা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিলপাড়ে মুতি মিয়া নামে একজন গেলে তিনি ফরসুদ মিয়াকে বিলের মাঝামাঝি এলাকায় দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ডাকাডাকি করলেও তিনি পরিচয় না দিয়ে অন্যদিকে চলে যান বলে দাবি করা হয়।
পরদিন সকালে বিলের পানিতে মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন রোমান মিয়া।
এ ঘটনায় রোমান মিয়া একই গ্রামের জিলু মিয়ার ছেলে ফরসুদ মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করে মদন থানায় লিখিত অভিযোগ দেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ফরসুদ মিয়া। তিনি বলেন, রাতে তার ভাই ফোন করে হাওর থেকে বাড়িতে যেতে বললে তিনি নদীপথে নৌকায় করে বাড়ি ফিরে যান। পরদিন সকালে আবার হাওরে আসেন। বিলে বিষ প্রয়োগের সঙ্গে তিনি জড়িত নন এবং তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিলে বিষ প্রয়োগের অভিযোগ এবং এতে কারা জড়িত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।