ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতের পরিবারের আর্থিক ক্ষতি কিছুটা লাঘবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৭৭লাখ টাকার হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুর করা ১৭টি পরিবারের মধ্যে এই ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, জেলা বিআরটি অফিসের সহকারি পরিচালক মোঃ ফারুক আলমসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৪ জন নিহতের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং দুইজন গুরুতর আহতকে ৩ লাখ টাকা ও একজনকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার নির্ধারিত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়।
এ সময় দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যরা বলেন, প্রিয়জন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই আর্থিক সহায়তা পরিবারের দৈনন্দিন জীবন ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে কিছুটা সহায়তা করবে।
এ ব্যাপারে বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ ফারুক আলম বলেন, সড়ক দুর্ঘটনার শিকার আহত ও নিহত ১৭ টি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্ট থেকে চেক প্রদান করা হয়েছে। বিআরটিএ ট্রাস্ট দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।